শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

হাসিনা ফিরলে আ.লীগের অবশিষ্ট রাজনীতির কবর রচিত হবে: সারজিস আলম

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

হাসিনা ফিরলে আ.লীগের অবশিষ্ট রাজনীতির কবর রচিত হবে: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম বলেছেন, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- এমন গুঞ্জনকে তারা গুরুত্ব দিচ্ছেন না। তবে সত্যিই যদি শেখ হাসিনা দেশে ফেরার চিন্তা করেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতির যতটুকু অবশিষ্টাংশ রয়েছে, সেটুকুরও কবর রচিত হবে।’

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে দৈনিক পঞ্চগড় খবর পত্রিকার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি পতিত স্বৈরাচারের পতন হয়েছে। জাতীয় পার্টির ক্ষেত্রেও পতনের পর কিছুদিন নানা ধরনের তৎপরতা দেখা গিয়েছিল। সর্বশেষ নির্বাচনে তাদের রাজনৈতিক অবস্থার অবসান হয়েছে। আওয়ামী লীগকে ঘিরে এখন যে কথাবার্তা শোনা যাচ্ছে, সেগুলো শেষ হতেও হয়তো কিছুটা সময় লাগবে।’

তিনি আরও বলেন, ‘মানুষের মধ্যে এখনো তীব্র ক্ষোভ রয়েছে। কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন, আবার কেউ পরিবারের সদস্যকে হারিয়েছেন। তাদের ক্ষোভ কতটা তীব্র, তাদের সঙ্গে সরাসরি কথা বললেই তা বোঝা যায়। ৫ আগস্ট গণভবনে শেখ হাসিনা থাকলে যে পরিস্থিতি হতো, ডিসেম্বরে বাংলাদেশের কোথাও তার অস্তিত্ব পাওয়া গেলে একই পরিস্থিতি তৈরি হতে পারে।’

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ‘জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনি জোট হয়েছিল। বর্তমানে সংসদে তারা বিরোধী দলীয় জোট হিসেবে একসঙ্গে কাজ করছেন। সেই জোট এখনো চলমান রয়েছে। তবে স্থানীয় নির্বাচনে জামায়াত, এনসিপি ও অন্যান্য দল নিজ নিজ অবস্থান থেকে এককভাবে নির্বাচন করবে-এটি দলীয় সিদ্ধান্ত।’

ঢাকা সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির অন্যতম দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করা হয়েছে। তাদের প্রার্থী করা হয়েছে কোনো ধরনের সমঝোতা বা ছাড় দেওয়ার জন্য নয়। শেষ মুহূর্ত পর্যন্ত তারা নির্বাচনি লড়াই চালিয়ে যাবেন।’

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘গত আট মাসে বিএনপি প্রতিনিয়ত অজনপ্রিয় হয়েছে। দেশে হত্যাকাণ্ড ও ধর্ষণের সংখ্যা বেড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে এবং সুশাসন দিন দিন কমেছে। এসব কারণে জনগণ বিকল্প হিসেবে এনসিপিকে বেছে নেবে বলে তারা বিশ্বাস করেন।’

তিনি বলেন, ‘এ নিয়ে সংসদে বিরোধী দলীয় জোটের কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।’

অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর