শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

নিজ গ্রামে ফিরলেন রিয়াদে আগুনে প্রাণ হারানো নওগাঁর সেই ৫ প্রবাসী

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

নিজ গ্রামে ফিরলেন রিয়াদে আগুনে প্রাণ হারানো নওগাঁর সেই ৫ প্রবাসী
লাশবাহী অ্যাম্বুলেন্স ঘিরে স্বজন ও এলাকাবাসীর ভিড়। ছবি: ঢাকা মেইল

সোদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর বাকি পাঁচ প্রবাসীর মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। 

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে মরদেহগুলো নওগাঁয় নিজ নিজ গ্রামে এসে পৌঁছায়।

এর আগে, সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৩৬ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে প্রবাসীদের স্বজনদের নিকট মরদেহ হস্তান্তর করা হলে তারা  গ্রামের উদ্দেশে রওনা হন।

মরদেহগুলো গ্রামে পৌঁছানো মাত্রই এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রিয়জনকে হারিয়ে স্বজনদের বিলাপ আর কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। এ সময় এক নজর দেখতে লাশবাহী গাড়ির চারপাশে ভিড় করেন স্বজন ও স্থানীয় বাসিন্দারা।

ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তের পর দেশে ফেরা নওগাঁর পাঁচ প্রবাসী হলেন- নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, একই উপজেলার মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের ছেলে মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।

গত ৯ আগস্ট রিয়াদ শহরের সোফা তৈরির কারখানায় ঘটে যাওয়া আগুনে মোট ১৬ জন বাংলাদেশি প্রবাসী প্রাণ হারান। নিহতদের মধ্যে ১২ জনের বাড়িই ছিল নওগাঁ জেলায়। এর আগে গত ২৭ আগস্ট প্রথম দফায় নওগাঁর ৯ জনসহ বেশ কজনের মরদেহ দেশে আনা হয়েছিল। সর্বশেষ শনিবার সকালে বাকি ৭টি মরদেহ দেশে পৌঁছায়, যার মধ্যে পাঁচজন নওগাঁর।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মরদেহগুলো কোনো খরচ ছাড়াই স্বজনদের হাতে তুলে দেওয়ার সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে জেলা প্রশাসন রয়েছে এবং তাদের সার্বিক সহযোগিতা দেওয়া হবে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর