২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। অন্যদিকে, জেলায় সার্বিক পাসের হার ৪৩ দশমিক ৪৫ শতাংশ। যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
বোর্ডের ফলাফল অনুযায়ী, এ বছর সাতক্ষীরা জেলার ২৩টি কেন্দ্রে ৬৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১১ হাজার ৫৯১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৫ হাজার ৩৬ জন। জেলায় পাসের হার ৪৩ দশমিক ৪৫ শতাংশ।
জেলায় পরীক্ষায় অংশ নেওয়া ৫ হাজার ৯২৪ জন ছাত্রের মধ্যে পাস করেছেন ২ হাজার ১৫৭ জন। অন্যদিকে, ৫ হাজার ৬৬৭ জন ছাত্রীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ হাজার ৮৭৯ জন। অর্থাৎ, পাসের সংখ্যায় ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন।

বোর্ডের ফলাফল বিবরণী অনুযায়ী, সাতক্ষীরা সদর উপজেলার ইসলামিয়া মহিলা কলেজ এবং শ্যামনগরের এ কে ফজলুল হক এমসি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। ইসলামিয়া মহিলা কলেজ থেকে তিনজন পরীক্ষার্থী অংশ নিলেও তাদের কেউ উত্তীর্ণ হননি। অন্যদিকে, এ কে ফজলুল হক এমসি কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৪৯ জনের একজনও পাস করতে পারেননি।
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী স্বাক্ষরিত ৩১ অক্টোবর প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল বিবরণীতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
প্রতিনিধি/এসএস




