ফেনীতে স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের উদ্যোগে ‘ব্লাড কেয়ার কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে শহরের মহিপালে আনসার ক্যাম্পসংলগ্ন হাসপাতালের সম্মেলনকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ও ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও শিল্প উদ্যোক্তা জাফর উদ্দিন। সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুস সবুর মিয়া।
‘নিরাপদ রক্ত সঞ্চালন ও আধুনিক ব্লাড ট্রান্সফিউশন ব্যবস্থাপনা’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের ব্লাড ট্রান্সফিউশন বিভাগের কনসালট্যান্ট ও ক্যানসার বিশেষজ্ঞ ডা. হাসিবা আক্তার ভুঁইয়া।

হাসপাতালের জনসংযোগ বিভাগের কর্মকর্তা ও সাংবাদিক জুবায়ের আল মুজাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান উপদেষ্টা ডা. শাহ নেওয়াজ সিরাজ মামুন, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক আবু তাহের, ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য ওসমান গনি রাসেল এবং নিরাপদ সড়ক আন্দোলনের ফেনী জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন। এ ছাড়া জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কনফারেন্সে নিরাপদ রক্ত সঞ্চালন, আধুনিক ব্লাড ট্রান্সফিউশন ব্যবস্থাপনা এবং চিকিৎসাসেবায় স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এ সময় রক্তদাতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও আয়োজকেরা।
অনুষ্ঠান শেষে ফেনী জেলার অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী রক্তদাতা সংগঠন ও ব্যক্তিকে সম্মাননাসূচক ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।
এ সময় ফেনীর স্বেচ্ছাসেবী ও রক্তদাতা সংগঠনগুলোকে স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের ওয়েবসাইটে নিবন্ধনের মাধ্যমে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার উদ্যোগের কথাও জানানো হয়।
প্রতিনিধি/এসএস




