জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের খুলনা বিভাগ অভিমুখী লংমার্চে বাগেরহাটের কাটাখালীতে পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শনিবার (৩১ অক্টোবর) ঢাকা থেকে খুলনা ও কুষ্টিয়ামুখী লংমার্চের গাড়িবহর কাটাখালীতে পৌঁছালে সেখানে পথসভা করবেন জোটের নেতারা। শুক্রবার রাত ১১টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।
অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, লংমার্চ সফল করতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বাগেরহাটের কাটাখালীতে পথসভার মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়েছে। পাশাপাশি প্রচারপত্র বিতরণ, মাইকিং ও গণসংযোগের মাধ্যমে কর্মসূচির প্রচার চালানো হচ্ছে।

তিনি আরও জানান, পরিকল্পনা অনুযায়ী শনিবার সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটক থেকে লংমার্চ শুরু হবে। ঢাকা থেকে মাওয়া হয়ে মাদারীপুর ও শরীয়তপুরের মাঝামাঝি নাওডোবা দিয়ে খুলনা বিভাগের দিকে অগ্রসর হবে গাড়িবহর। লংমার্চে নেতৃত্ব দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
প্রসঙ্গত, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই জাতীয় সনদ অনুযায়ী সংবিধান সংস্কার, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার বিচার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধসহ সাত দফা দাবিতে এ লংমার্চের আয়োজন করেছে ১১-দলীয় ঐক্য।
প্রতিনিধি/এসএস




