ভারতে অবস্থান শেষে ট্রাভেল পারমিট ও এক্সিট পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন ১০ বাংলাদেশি নাগরিক।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করার কথা রয়েছে।
ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন ও হরিদাসপুর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ উপ-হাইকমিশন, নয়াদিল্লি থেকে গত ১৭ আগস্ট ইস্যু করা ট্রাভেল পারমিট এবং মুম্বাইয়ের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) থেকে ২৭ অক্টোবর ইস্যু করা এক্সিট পারমিটের ভিত্তিতে তাদের দেশে ফেরত পাঠানো হয়। দুই দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাদের হস্তান্তর করা হয়।
ফেরত আসা ১০ জনের মধ্যে রয়েছেন- নড়াইল, যশোর, চাঁদপুর, ফরিদপুর, কুমিল্লা, খুলনা, নরসিংদীসহ বিভিন্ন জেলার বাসিন্দা।
দীর্ঘ সময় পর দেশে ফিরে নিজ নিজ পরিবারের কাছে যাওয়ার অপেক্ষায় রয়েছেন তারা। প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তাদের হস্তান্তরের কথা রয়েছে।
প্রতিনিধি/এলএ




