শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ঢাকা

উপনির্বাচনের রায় বিএনপির রাজনীতির সঠিকতার প্রমাণ: প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:২২ পিএম

শেয়ার করুন:

উপনির্বাচনের রায় বিএনপির রাজনীতির সঠিকতার প্রমাণ: প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ছবি: ঢাকা মেইল

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে জনগণ প্রমাণ করেছে যে বিএনপির রাজনীতিই সঠিক এবং বিরোধীদের রাজনীতি এখন সঠিক পথে নেই।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে পঞ্চগড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেককাটার পর এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ঠাকুরগাঁওয়ে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনে তার ছোট ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উপ-নির্বাচন অত্যন্ত অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সারাদেশের মানুষের নজর ছিল এই নির্বাচনের দিকে। গত আট মাস ধরে ক্ষমতায় থাকা বিএনপি সরকারের অর্জন জনগণ কীভাবে মূল্যায়ন করছে, এই উপ-নির্বাচন তার একটি বড় বহিঃপ্রকাশ।

তিনি আরো বলেন, নির্বাচনে বিএনপির প্রার্থী ১ লাখ ৩০ হাজারের অধিক ভোটে বিজয়ী হয়েছেন। গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াতে ইসলামী প্রায় ১০ লাখ ভোট পেলেও বর্তমান উপ-নির্বাচনে তাদের ভোট ৫০ হাজারের বেশি কমে গেছে বলে জানান প্রতিমন্ত্রী।

এসময় ফরহাদ হোসেন আজাদ বিরোধী দলের প্রতি সংশোধনের আহ্বান জানিয়ে বলেন, জনগণের দুর্ভোগ বাড়িয়ে লং মার্চ বা রোড মার্চের মতো কর্মসূচি না দিয়ে, বিরোধী দলগুলোকে আরও সংশোধিত হতে হবে। তাদের কোনো মতামত বা পরামর্শ থাকলে তা সংসদে এসে সরকারকে জানানোর পরামর্শ দেন তিনি।

একই সাথে ২৪-এর গণআন্দোলনের মাধ্যমে গঠিত বর্তমান সরকার সাফল্যের সাথে দেশ পরিচালনা করছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, সবার সম্মিলিত সহযোগিতায় বাংলাদেশ আগামী দিনে প্রতিটি মানুষের প্রত্যাশিত রাষ্ট্রে পরিণত হবে।

এর আগে প্রতিমন্ত্রী দলীয় কার্যালয় থেকে জেলা যুবদলের আয়োজনে আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন। পরে আলোচনা সভায় যুবদলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। 

এসময় জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর