শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ঢাকা

চার বগি ফেলে ২ কিলোমিটার চলে গেল মোহনগঞ্জ এক্সপ্রেস

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:০১ পিএম

শেয়ার করুন:

চার বগি ফেলে ২ কিলোমিটার চলে গেল মোহনগঞ্জ এক্সপ্রেস
বিচ্ছিন্ন বগিগুলোকে সংযোগের কাজ চলছে। ছবি: ঢাকা মেইল

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় চলন্ত ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিচ্ছিন্ন বগি ফেলে তিনটি বগি নিয়ে প্রায় দুই কিলোমিটার এগিয়ে যায় ইঞ্জিন। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে বিচ্ছিন্ন বগি আবার সংযুক্ত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল পৌনে ৩টার দিকে কাওরাইদ ও মশাখালী স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে মেরামতকাজ শেষে বিকেল সোয়া ৪টার দিকে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী আন্তঃনগর ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি কাওরাইদ ও মশাখালী স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে ইঞ্জিনের পেছনে থাকা চারটি বগির সঙ্গে সংযোগকারী হুক ভেঙে যায়। এতে বগিগুলো বিচ্ছিন্ন হয়ে পড়লে ইঞ্জিন তিনটি বগি নিয়ে প্রায় দুই কিলোমিটার এগিয়ে যায়।

ওসি আরও বলেন, বিষয়টি বুঝতে পেরে চালক ট্রেন থামিয়ে দেন। পরে পেছনের দিকে চালিয়ে বিচ্ছিন্ন বগিগুলোর কাছে নিয়ে যাওয়া হয়। চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীদের চেষ্টায় হুক মেরামত করে বগিগুলো আবার সংযুক্ত করা হয়। এরপর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। বর্তমানে এ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর