চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী মাঠে স্থানীয় এক কৃষকের হাতে ধরা পড়া বড় আকৃতির একটি রাসেল ভাইপার উদ্ধার করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মুন্সিপুর গ্রামের শিমুলতলা মাঠে সীমান্তের শূন্যরেখাসংলগ্ন এলাকায় সাপটি ধরা পড়ে। পরে রাত ৯টার দিকে সেটি বন বিভাগের হেফাজতে নেওয়া হয়।
সাপটিকে সুন্দরবন এলাকায় অবমুক্ত করতে খুলনা থেকে একটি বিশেষজ্ঞ দল আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বন কর্মকর্তা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিমুলতলা মাঠে একটি গাড়ল ভেড়াকে কামড় দেওয়ার চেষ্টা করছিল সাপটি। বিষয়টি নজরে এলে মুন্সিপুর গ্রামের কৃষক হাসান লাঠি দিয়ে আঘাত করে সাপটিকে আহত অবস্থায় ধরে ফেলেন। পরে সেটি একটি খাঁচায় রাখা হয়।
বড় আকৃতির বিষধর সাপ ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা সেটি দেখতে ভিড় করেন। রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি উপজেলা বন বিভাগকে জানানো হয়। খবর পেয়ে বন বিভাগের ফরেস্ট গার্ড শাহাজামাল ওরফে রিপন ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন।
জীবননগরের ডেপুটি রেঞ্জার শরিফুল ইসলাম কাজল সাপটি রাসেল ভাইপার বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, রাসেল ভাইপার অত্যন্ত বিষধর সাপ। সাপটিকে নিরাপদে অবমুক্ত করার জন্য খুলনা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখান থেকে একটি বিশেষজ্ঞ দল আসছে। দলটি সাপটিকে নিয়ে সুন্দরবন এলাকায় অবমুক্ত করবে। শুক্রবার (৩০ অক্টোবর) এ লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে।
উপজেলা বন কর্মকর্তা (ফরেস্টার) সুরেশ মিস্ত্রী জানান, প্রশিক্ষণসংক্রান্ত কাজে তিনি বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছেন। এ কারণে সাপটি উদ্ধারের বিষয়ে বিস্তারিত তথ্য তার জানা নেই।
প্রতিনিধি/এলএ




