আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী আধিপত্যবাদী ভারতের সঙ্গে লিয়াঁজো শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও বিএনপি নেতা রাশেদ খাঁন। তার দাবি, আওয়ামী লীগের মতো জামায়াতে ইসলামীও ভারতকে তোষণ করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট মসজিদে জুমার নামাজ পর স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খান।
জামায়াত ও আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘যতটুকু তথ্য পেয়েছি, ক্ষমতায় যাওয়ার জন্য এখন থেকেই ভারতের সঙ্গে লিয়াঁজো শুরু করেছে জামায়াত। আগে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য ভারতকে তোষণ করতো। এখন জামায়াতও ভারতকে তোষণ করতে শুরু করেছে। যে কারণে জামায়াতের শীর্ষ নেতারা ভারতের গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে গোপনে বৈঠক করছে বলেও দাবি করেন রাশেদ খান।
ঠাকুরগাঁও উপনির্বাচনে জামায়াত প্রার্থীর পরাজয়ের প্রতিক্রিয়ায় রাশেদ খাঁন বলেন, জামায়াতের জান্নাতের টিকিট বিক্রি মানুষ আর গ্রহণ করেনি। জাতীয় নির্বাচনে তারা সফল হলেও ঠাকুরগাঁও উপনির্বাচনে ব্যর্থ হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় রাশেদ খাঁনের সঙ্গে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসআই




