যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের পৃথক অভিযানে পুরোনো মামলার আসামি, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও অন্যান্য মামলার আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই সদস্য রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, যশোরের পুলিশ সুপারের নির্দেশনায় এবং বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীরের দিকনির্দেশনায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে রাত ১২টা ১০ মিনিটে শাখারীপোতা বাজার থেকে মো. বাহার আলী বিশ্বাসকে (৫২) গ্রেফতার করে পুলিশ। তিনি শাখারীপোতা গ্রামের মৃত আব্দুল্লাহ বিশ্বাসের ছেলে। পুরোনো একটি মামলার তদন্তে তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া জিআর ৩০২/২০ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত সাদিপুর গ্রামের নেপাল মণ্ডল (৩০), সামারি ট্রায়ালের আসামি পুতাপাড়া গ্রামের মো. তাইজুল ইসলাম (৩২) এবং রঘুনাথপুর গ্রামের রাজু মিয়াকে (২৭) গ্রেফতার করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, বেনাপোল পোর্ট থানা এলাকায় কোনো ধরনের অপকর্ম করতে দেওয়া হবে না। কেউ মাদক কারবার কিংবা নাশকতার পরিকল্পনায় জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদক, অপরাধ ও নাশকতা প্রতিরোধে পুলিশের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস




