শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ঢাকা

বিপুল ভোটে জয়, মির্জা ফয়সলকে মন্ত্রিসভায় দেখতে চান নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৬ এএম

শেয়ার করুন:

বিপুল ভোটে জয়, মির্জা ফয়সলকে মন্ত্রিসভায় দেখতে চান নেতাকর্মীরা
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৩১ হাজার ৪০৪ ভোট বেশি পেয়ে তার এই জয়ে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। একই সঙ্গে তাকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে, বিশেষ করে মন্ত্রিসভায় দেখতে চান দলের স্থানীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা। পরে সব কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হলে রাত সাড়ে ১০টার দিকে মির্জা ফয়সল আমীনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোটের জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১ লাখ ৩১ হাজার ৪০৪। অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও তার চেয়ে অনেক পিছিয়ে রয়েছেন।

ফলাফল ঘোষণার পর ঠাকুরগাঁও শহরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। কেউ মিষ্টি বিতরণ করে বিজয় উদ্‌যাপন করেন, কেউ আবার একে অপরকে শুভেচ্ছা জানান। স্থানীয় নেতাকর্মীদের মতে, এই বিজয়ের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের মানুষ ভোটের মাধ্যমে বিএনপির প্রতি তাদের সমর্থন ও প্রত্যাশার কথা জানিয়েছেন।

46e0c6d4-56fc-46ed-b2a9-1b70cece41dd

বিএনপির স্থানীয় নেতাকর্মীদের অনেকের প্রত্যাশা, মির্জা ফয়সল আমীনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে তা তার রাজনৈতিক অর্জনের স্বীকৃতির পাশাপাশি ঠাকুরগাঁওয়ের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে। তাদের মতে, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলে জেলার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর করা, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত করা এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে তিনি আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন বলেন, তারা মির্জা ফয়সল আমীনকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে চান। বিশেষ করে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হলে ঠাকুরগাঁওয়ের মানুষের প্রত্যাশা পূরণের সুযোগ আরও বাড়বে বলে তারা মনে করেন।

আরও পড়ুন

ঠাকুরগাঁও উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে জয়ী

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী বলেন, বিপুল ভোটের ব্যবধানে এই বিজয় বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থার প্রতিফলন। দলের নেতাকর্মীরা মির্জা ফয়সল আমীনের যথাযথ মূল্যায়ন চান। তাকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার বিষয়টি দলের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে আলোচনা করা হবে। এ বিষয়ে তারাই সিদ্ধান্ত নেবেন।

তবে মন্ত্রিসভায় মির্জা ফয়সল আমীনের অন্তর্ভুক্তির বিষয়ে এখনো দলের শীর্ষ নেতৃত্বের কোনো সিদ্ধান্ত জানা যায়নি। ফলে স্থানীয় নেতাকর্মীদের এই প্রত্যাশা শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয় কি না, তা নিয়ে তাদের মধ্যে আগ্রহ রয়েছে।

b472c90b-259d-4500-8de4-7b18b8b56bbb

বিজয়ের পর প্রতিক্রিয়ায় মির্জা ফয়সল আমীন বলেন, এই বিজয় শুধু তার একার নয়; এটি দেশের গণতন্ত্র ও ঠাকুরগাঁওবাসীর বিজয়। দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ, উন্নত ও বৈষম্যহীন ঠাকুরগাঁও গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এলাকার মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে নিয়ে কাজ করতে চান বলেও জানান তিনি।

নির্বাচনে বড় ব্যবধানে জয়ের পর মির্জা ফয়সল আমীনের সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ। জেলার যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধি, কৃষি খাতের বিকাশ এবং দীর্ঘদিনের নাগরিক সমস্যার সমাধান—এসব বিষয়ে তার কাছে প্রত্যাশা রয়েছে সাধারণ মানুষের। বিশেষ করে সদর, রুহিয়া ও ভূল্লী এলাকার মানুষের উন্নয়ন চাহিদা পূরণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি রয়েছে।

সব মিলিয়ে বিপুল জনসমর্থন মির্জা ফয়সল আমীনের রাজনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। এখন এই সমর্থন কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি কতটা ভূমিকা রাখতে পারেন, সেটিই দেখার বিষয়। পাশাপাশি তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিষয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব কী সিদ্ধান্ত নেয়, সেদিকেও তাকিয়ে রয়েছেন ঠাকুরগাঁওয়ের নেতাকর্মীরা।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর