রাজশাহীর পবায় নিজ বাড়িতে মো. আবুল কালাম আজাদ (৪৫) নামের এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার নওহাটা মধুসূদনপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন এ তথ্য জানান।
নিহত আবুল কালাম আজাদ মধুসুদনপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
ওসি আব্দুল মতিন জানান, বৃহস্পতিবার সকালে আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করা হয়। তাঁর গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, ঘটনার রাতে বাড়িতে শুধু নিহত ব্যক্তির স্ত্রী ছিলেন। তবে তিনি এ বিষয়ে কিছু বলতে পারছেন না। কে বা কারা, কী কারণে এবং কীভাবে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো হত্যার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। কাউকে গ্রেফতারও করা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
এআর




