মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের নওয়াপাড়া বাজারে কৃত্রিম সার সংকট সৃষ্টির অপরাধে মেসার্স বিশ্বাস ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী ও বিএডিসি ডিলার সাজিদুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকির আহম্মেদ।
আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ডিলার সাজিদুর রহমান অবৈধভাবে বাজারে সারের বা পণ্যের কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের দুর্ভোগ সৃষ্টি করছিলেন, এমন অভিযোগের সত্যতা পেয়ে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন- গাংনী উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষার্থে গাংনী থানা পুলিশ ও আনসার সদস্যদের একটি যৌথ টিম ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
কৃষকদের স্বার্থ রক্ষায় এবং বাজারে কৃত্রিম সংকট ও নৈরাজ্য রোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসনের ওই কর্মকর্তা।
প্রতিনিধি/এলএ




