চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৩) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়দা আক্তারের নেতৃত্বে সকালে ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে বিকেলে পৃথকভাবে এ অভিযান চালানো হয়।
অভিযানে ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান বসানোর অভিযোগে তিন ব্যক্তিকে পাঁচলাইশ থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযান প্রসঙ্গে চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান বলেন, নগরীর সড়ক ও ফুটপাত সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচলের জন্য। এসব স্থান অবৈধভাবে দখল করে দোকান বসানোর কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ বাড়ে। নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে চসিক প্রশাসক শাহাদাত হোসেনের নির্দেশনায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। জিইসি ফ্লাইওভারের নিচে অবৈধভাবে ভাসমান দোকান বসানোর অভিযোগে তিন ব্যক্তিকে পাঁচলাইশ থানায় সোপর্দ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরীর শৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চসিকের পক্ষ থেকে জানানো হয়, নগরবাসীর স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা, যানজট কমানো এবং নাগরিকবান্ধব নগর গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এলএ




