রংপুরের তারাগঞ্জে সড়কের ডিভাইডারে ধাক্কা লেগে এআর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে রংপুর-সৈয়দপুর মহাসড়কের ইকরচালী বাজারে ব্র্যাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে নীলফামারীর ডোমার থেকে রংপুরগামী বাসটি ইকরচালী বাজার এলাকায় পৌঁছালে ডিভাইডারে ধাক্কা লাগে। এতে বাসটি উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করলেও পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সড়কে যান চলাচল স্বাভাবিক করতে উদ্ধার কাজ চলছে।
প্রতিনিধি/এজে




