ময়মনসিংহ নগরীর বাইপাস সড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় বাসচালক ইকবাল হোসেনকে (৪৭) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুরের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ইকবাল হোসেন গাজীপুর সদর উপজেলার পালের পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা হওয়ার পর থেকেই বাসচালক ইকবালকে গ্রেফতারের চেষ্টা চলছিল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরের বাসন থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
গত ২ অক্টোবর দুপুরে ময়মনসিংহ নগরীর রহমতপুর বাইপাস সড়কের দাপুনিয়া হাড়গুজির পাড় এলাকায় রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালকসহ সাতজন নিহত হন।
এ ঘটনায় ওই দিন সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের বাসিন্দা মো. মোবারক আলী কোতোয়ালি মডেল থানায় বাসচালককে আসামি করে লিখিত অভিযোগ দেন। পরে রাত ১২টার পর অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। ওই দুর্ঘটনায় মোবারক আলী তার মা, ভাই, ভাতিজি ও নাতিকে হারান।
নিহত ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার দড়িহামিদপুর গ্রামের রাশিদা বেগম (৭০), তার ছেলে মোফাজ্জল হোসেন (৫০), মোফাজ্জলের মেয়ে মর্জিনা আক্তার (২৫) এবং মর্জিনার ছেলে মিনান (৫)। অন্য তিনজন হলেন একই জেলার বীর গোবিন্দপুর গ্রামের অটোরিকশাচালক সুজন আলী (৪৪) এবং বাদেচান্দি গ্রামের আকরাম আলী (৫১) ও তার স্ত্রী মমতা বেগম (৩৯)।
প্রতিনিধি/এসএস




