চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ২টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের পাউলি গ্রামে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন মো. সুমন আলী (৪৩) এবং তার স্ত্রী মোসা. ফেনসি বেগম (৩৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে জেলা কার্যালয়ের একটি বিশেষ দল ঝিলিম ইউনিয়নের পাউলি গ্রামে অভিযান চালায়। এ সময় তল্লাশি চালিয়ে স্বামী-স্ত্রীকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের চলমান অভিযান ও নজরদারি কঠোরভাবে অব্যাহত রয়েছে। মাদকের মূল উৎপাটন ও নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
প্রতিনিধি/এজে




