ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০০ মিটার ৩/৪" এম এস অবৈধ গ্যাস পাইপ উচ্ছেদ, ১৮টি অবৈধ গ্যাস সংযোগ, রাইজার কেটে বিচ্ছিন্ন ও ৩০০ মিটার অবৈধ গ্যাস পাইপলাইনের নেটওয়ার্ক নিষ্ক্রিয় করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা থেকে বিকেল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরের আলম পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একজন অবৈধ গ্যাস ব্যবহারকারীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকার। সাথে ছিলেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক।
অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পাইপ লাইনে নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকার সুযোগে কিছু অসাধু চক্র জেলা শহর সহ সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে এর পরিপ্রেক্ষিতে নিয়মিত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চালায় বাখরাবাদ কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে সুহিলপুর গ্রামের আলম পাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিনের মধ্যে আবারও কিছু অসাধু চক্র নতুন করে অবৈধ সংযোগ দেয়। এর ফলে সম্পূর্ণভাবে অবৈধ সংযোগ বন্ধ করা যাচ্ছে না। সুহিলপুরে ইতঃপূর্বে ও আমরা কয়েকবার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি। অবৈধ সংযোগ বিচ্ছিন্নে বাখরাবাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এজে




