টাঙ্গাইলের মির্জাপুরে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে উপজেলার মহেড়া স্টেশনে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়রা বলেন, ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটির উদ্দেশে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুরের মহেড়া স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের ‘ট এবং ঠ’ বগির চাকা লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনটি প্রায় এক কিলোমিটার লাইনচ্যুত বগি টেনে নিয়ে যায়। এতে রেললাইনের ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি কোচের ক্ষয়ক্ষতি, স্লিপার ভেঙে যাওয়া এবং রেললাইন বেঁকে যাওয়ার ঘটনা ঘটে।
এ ব্যাপারে মির্জাপুর মহেড়া স্টেশনের মাস্টার মো. রাকিবুল হাসান বলেন, বর্তমানে ব্রড গেজ চালু আছে। তবে মিটার গেজ বন্ধ রয়েছে। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে রয়েছে। এ দিকে ক্ষতিগ্রস্ত এক কিলোমিটার এলাকায় ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করছে।
বগুড়ার সান্তার জংশন স্টেশনের ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান জানান, নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুতের বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষ জানানো হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রতিনিধি/এলএ




