বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

ফজরের নামাজ পড়ে ফেরার পথে হামলায় প্রাণ গেল বৃদ্ধের

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পিএম

শেয়ার করুন:

ফজরের নামাজ পড়ে ফেরার পথে হামলায় প্রাণ গেল বৃদ্ধের

গাইবান্ধার সুন্দরগঞ্জে বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন (৭০) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নারীসহ ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে লাঠিসোঁটা, ধারালো ছোরা ও শাবল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোরে উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মকবুল হোসেন ওই গ্রামের মৃত ফেলান উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বসতবাড়ির ১৬ শতক জমি নিয়ে মকবুল হোসেনের সঙ্গে প্রতিবেশী শাহাবুদ্দিন মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ধুবনী পুলিশ তদন্ত কেন্দ্রে একাধিকবার সালিশ বৈঠক হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন মকবুল হোসেন। পথে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন স্বজনেরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় পরিবারের সদস্যরা তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। হামলায় আহত কয়েকজনকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা ও কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নারীসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে লাঠিসোঁটা, ধারালো ছোরা ও শাবল জব্দ করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন দক্ষিণ সীচা ছাতিনামারী গ্রামের মো. শাহাবুদ্দিন মিয়া (৬০), মো. নজরুল ইসলাম (৫০), মঞ্জু মিয়া (৪০), রেজাউল করিম (২৮), রাশেদুল ইসলাম (২৮), মো. মোকছেদুল ইসলাম (১৮), আবিল হোসেন (১৮), মিন্টু মিয়া (৩৫), মো. লিটন মিয়া (৩৫), মোছা. নিরফুল (৪০), কল্পনা বেগম (২৫), নুর ভানু (৪৫), শিল্পী বেগম (৩৫), মোছা. খোরশেদা বেগম (২৬), ফাতেমা বেগম (১৯) ও শাবানা খাতুন (২২)।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারীসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর