বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবীর মৃত্যু, আটক ১

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পিএম

শেয়ার করুন:

বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবীর মৃত্যু, আটক ১
সজল কুমার চক্রবর্তী (৬০)।

বরিশাল নগরীতে হাঁটতে বেরিয়ে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় সজল কুমার চক্রবর্তী (৬০) নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের এক আরোহীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে নগরীর সদর রোডের জগন্নাথ মন্দিরসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম মনির।

নিহত সজল কুমার চক্রবর্তী বরিশাল জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য। তিনি নগরীর কাশিপুর এলাকার বাসিন্দা এবং মৃত দক্ষিণারঞ্জন বিশ্বাসের ছেলে।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী মোখলেছুর রহমান বাচ্চু জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে হাঁটতে বের হন সজল কুমার। জগন্নাথ মন্দিরসংলগ্ন এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় মোটরসাইকেলের চালক ও আরোহীও আহত হন।

পরে স্থানীয়রা সজল কুমার ও মোটরসাইকেল চালককে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সজল কুমারকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল থেকে পালিয়ে যান। তবে মোটরসাইকেলের আরোহীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুল ইসলাম মনির জানান, মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী সজল কুমার নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মোটরসাইকেল চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর