বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০২:০০ পিএম

শেয়ার করুন:

৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগ, এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রামের লোহাগাড়া থানার তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে ৩০ হাজার ইয়াবা লুটের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া সদস্যদের মধ্যে একজন উপপরিদর্শক (এসআই) ও দুজন কনস্টেবল রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী। তিনি জানান, বুধবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের স্বাক্ষরিত অফিস আদেশে তাদের প্রত্যাহার করা হয়।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই এস এম মাহবুবুল ইসলাম, কনস্টেবল ফয়েজ আহমেদ ও গাজী মো. মহসিন।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে কক্সবাজার থেকে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রামের দিকে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার তিন পুলিশ সদস্য অভিযানে নামেন। এ সময় লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের একটি নির্জন সড়কে মোটরসাইকেল নিয়ে একটি ট্রাকের গতিরোধ করেন তারা।

পরে ট্রাকচালক নাছিরকে হাতকড়া পরিয়ে জিম্মি করা হয়। এরপর ট্রাকটি সাতকানিয়ার কেরানীহাট এলাকায় নিয়ে যাওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, সেখানে পুলিশের দুই কথিত সোর্স রবিন ও মোমিনের সহযোগিতায় ট্রাকের চালকের আসন থেকে ৩০ হাজার ইয়াবা লুট করা হয়। ঘটনার প্রমাণ মুছে ফেলতে ট্রাকের সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মেমোরি কার্ড ফরম্যাট করে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ার পর তিন পুলিশ সদস্যকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর