বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

খুলনায় ১১ দলের লংমার্চের প্রস্তুতি সম্পন্ন, শিববাড়ী ও ফুলতলায় পথসভা

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পিএম

শেয়ার করুন:

খুলনায় ১১ দলের লংমার্চের প্রস্তুতি সম্পন্ন, শিববাড়ী ও ফুলতলায় পথসভা

খুলনায় ১১ দলীয় জোটের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে নগরীর ঐতিহাসিক বাবরী চত্বর (শিববাড়ী) ও ফুলতলা বাসস্ট্যান্ডে পথসভা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ১৭টি উপকমিটি কাজ শুরু করেছে। যানজট নিয়ন্ত্রণ, যানবাহন পার্কিং, স্বেচ্ছাসেবক নিয়োগ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান খুলনা মহানগরী জামায়াতের আমির মাওলানা মাহফুজুর রহমান।

তিনি জানান, রাজধানী ঢাকা থেকে লংমার্চের গাড়িবহরে পাজেরো, হাইয়েস, মাইক্রোবাসসহ বিভিন্ন ধরনের এক হাজারের বেশি যানবাহন যুক্ত হওয়ার কথা রয়েছে। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টার মধ্যে গাড়িবহরটি খুলনার বাবরী চত্বরের পথসভাস্থলে পৌঁছানোর আশা করছেন আয়োজকেরা।

পথসভা উপলক্ষে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার, হ্যান্ডবিল, ফেস্টুন, ব্যানার ও বিলবোর্ডের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। এ ছাড়া কুদির বটতলা, রূপসা সেতু, জিরো পয়েন্ট, খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে, গল্লামারী, ময়লাপোতা মোড়, জোড়াগেট, বৈকালী, নতুন রাস্তা, দৌলতপুর, ফুলবাড়িগেট, শিরোমনি, অফিস গেট ও ফুলতলা থানাসহ বিভিন্ন স্থানে ২০টি তোরণ নির্মাণ করা হয়েছে।

মাওলানা মাহফুজুর রহমান বলেন, শিববাড়ীর মূল পথসভাস্থলে ৪৫ ফুট বাই ২৪ ফুট আয়তনের একটি মঞ্চ নির্মাণের কাজ চলছে। সমাবেশে বক্তব্য শোনার সুবিধার্থে দুই শতাধিক হর্ন ও প্রয়োজনীয় সাউন্ড সিস্টেমের ব্যবস্থা রাখা হচ্ছে। পাশাপাশি অতিথি, সাংবাদিক ও সাধারণ অংশগ্রহণকারীদের সুবিধার্থে প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতিও নেওয়া হয়েছে।

আরও পড়ুন

আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসীদের ক্লাব: গোলাম পরওয়ার

যানজট এড়াতে তিন স্থানে পার্কিং

লংমার্চ ও পথসভা ঘিরে যানজট এড়াতে বিশেষ ট্র্যাফিক পরিকল্পনা নেওয়া হয়েছে। আগত যানবাহন পার্কিংয়ের জন্য জোড়াগেট, সোনাডাঙ্গা বাস টার্মিনাল ও ময়ূরী আবাসিক এলাকায় তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে। যানবাহনের চলাচল ও পার্কিং সুশৃঙ্খল রাখতে স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করবেন।

আয়োজকদের ভাষ্য, খুলনা মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে বাস, ট্রাক ও মাইক্রোবাসে করে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ পথসভায় অংশ নেবেন। তাদের যাতায়াত নির্বিঘ্ন করতে নির্দিষ্ট রুট ও পার্কিং পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে।

এ ছাড়া মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডে ধারাবাহিক মিছিল ও গণসংযোগ চালানো হচ্ছে। পথসভার প্রচার ও জনসচেতনতা বাড়াতে শতাধিক মাইকিং ইউনিট গঠন করা হয়েছে বলে জানান আয়োজকেরা।

শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে থাকবেন স্বেচ্ছাসেবকেরা

পথসভা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রাখতে শৃঙ্খলা বিভাগের অধীনে বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। তারা সমাবেশে আসা মানুষকে সহযোগিতার পাশাপাশি সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবেন। প্রশাসনের পক্ষ থেকেও সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।

মাওলানা মাহফুজুর রহমান আরও বলেন, লংমার্চ ও পথসভাকে কেন্দ্র করে নগরবাসী ও ব্যবসায়ীরা সাময়িক ভোগান্তির শিকার হতে পারেন। এ জন্য তারা আগাম দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মী ও নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর