ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে ফলাফল মেনে নেওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। তবে নির্বাচন ‘মাগুরা মার্কা’ হলে ফলাফল মেনে নেবেন না বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের ৭ নম্বর কক্ষে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে দেলাওয়ার হোসেন বলেন, আশা করি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠিত হবে।
নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং নিরপেক্ষভাবে ভোটগ্রহণের প্রত্যাশাও ব্যক্ত করেন দাঁড়িপাল্লা প্রতীকের এই প্রার্থী।
১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনে এ আসনে ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে সংসদ সদস্য হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পান ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট। ৩ হাজার ৯৫১ ভোট পড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলামের বাক্সে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গত ২২ আগস্ট ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়। এরপর এই আসনে উপনির্বাচন হচ্ছে।
নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু নির্বাচনে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ত্রয়োদশ সংসদের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মতো স্বচ্ছ ও সুন্দর নির্বাচন হবে। এ নিয়ে উদ্বেগের কিছু নেই। এরই মধ্যে ঠাকুরগাঁও-১ আসনে আচরণবিধি লঙ্ঘন, প্রশাসনের পক্ষপাতিত্বসহ কমিশনে নয় দফা অভিযোগ জানায় জামায়াতে ইসলামী।
বিএনপি শাসনামলের ১৯৯৪ সালের মাগুরা উপনির্বাচনের প্রসঙ্গ টেনে নির্বাচন কমিশনকে সতর্কও করেছে জামায়াতে ইসলামী।
বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় ১৯৯৪ সালে মাগুরা-২ আসনে উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ উঠে। এরপর আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সংবিধানে যোগ করতে বাধ্য হয়েছিল বিএনপি।
বিরোধীদলগুলোর ব্যাপক আন্দোলনের মুখে ১৯৯৬ সালের ২৭ মার্চ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের বিল পাস হয় ষষ্ঠ সংসদে। এরপর ৩০ মার্চ সংসদ ভেঙে দিয়ে সংশোধনী অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সরকার গঠনের মাত্র ৪৫ দিনের মাথায় পদত্যাগ করে বিএনপি সরকার।
ঠাকুরগাঁও-১ আসনে ভোট দেওয়ার পর মাগুরা-২ আসনের উপনির্বাচনের প্রসঙ্গ টেনে জামায়াতের প্রার্থী বলেন, নির্বাচন সুষ্ঠু ও স্বাভাবিক হলে ফলাফল যা-ই হোক, তা মেনে নেব। তবে নির্বাচন ‘মাগুরা মার্কা’ হলে সেই ফলাফল মেনে নেব না।
ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল চারটা পর্যন্ত।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন-রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
এমআর




