বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

বাবার মৃত্যুর শোকে ছেলের মৃত্যু

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০৮:২৫ এএম

শেয়ার করুন:

বাবার মৃত্যুর শোকে ছেলের মৃত্যু

বাবার মৃত্যুর শোক কাটিয়ে উঠতে না পেরে মাত্র পাঁচ দিনের মাথায় মারা গেছেন বড় ছেলে জেমস তালুকদার (২৬)। হৃদয়বিদারক এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম চন্দ্রহার গ্রামে এ ঘটনা ঘটে।

বাটাজোর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন বেপারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জেমস তালুকদার ওই গ্রামের মৃত প্রভুদান তালুকদারের ছেলে। তিনি পানবরজে দিনমজুরের কাজ করতেন।

জেমসের চাচাতো ভাই রেমন তালুকদার জানান, গত ২৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জেমসের বাবা প্রভুদান তালুকদার (৫৫)। পরদিন পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে নিয়ে আসেন। ২৫ অক্টোবর ধর্মীয় রীতি অনুযায়ী তার দাফন সম্পন্ন হয়। বাবার মৃত্যুর পর থেকেই জেমস মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বুধবার বিকেল ৩টার দিকে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তার মৃত্যু হয়।

রেমন তালুকদার বলেন, মাত্র পাঁচ দিনের ব্যবধানে বাবা-ছেলের এমন আকস্মিক মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বাটাজোর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হোসেন বেপারী বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা এলাকাবাসী শোকাহত পরিবারের পাশে রয়েছি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর