মাদারীপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানভীর হাওলাদার (২৫) নামে এক ইতালি প্রবাসী নিহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুরে এ দুর্ঘটনা ঘটে।
তানভীর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে মোটরসাইকেল চালিয়ে মস্তফাপুর বাসস্ট্যান্ড থেকে বাড়ি ফিরছিলেন তানভীর হাওলাদার। ঢাকা-বরিশাল মহাসড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে দুর্ঘটনা ঘটে তানভীরের। এ সময় মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়লে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে, পরিবার সূত্র জানায়, ১৫ দিন আগে বিয়ে করেছিলেন তানভীর। নতুন জীবনের শুরুতেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সড়ক দুর্ঘটনায় প্রবাসী নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি




