বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৯ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও 
প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ এএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ৯ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা প্রত্যাহার

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করা ৯ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাদের মধ্যে ঠাকুরগাঁও পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থিত ভোটকেন্দ্রের কর্মকর্তারা রয়েছেন।

বুধবার (২৮ অক্টোবর) দিনগত রাত ১২ পরে তাদের প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। 

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন- ঠাকুরগাঁও পৌরসভার সবুজ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের মাসুদ রানা, ঠাকুরগাঁও সরকারি কলেজ ভোটকেন্দ্রের জয়নাল আবেদীন, ঠাকুরগাঁও রোড বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের জুলফিকার আলী, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ফরিদা ইয়াসমিন এবং সালন্দর পাঁচপীর ডাঙ্গা স্বতন্ত্র এবতেদায়ি মাদরাসা ভোটকেন্দ্রের সাদেকুল ইসলাম।

এছাড়া সিংগিয়া মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের মোহাম্মদ আলী জিন্নাহ, দৌলতপুর সলেমান খান বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের ওবাইদুর রহমান, বালাপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের শাহাদুল ইসলাম এবং বড়গ্রাম আলিম মাদরাসা ভোটকেন্দ্রের আব্দুল জব্বারকে প্রত্যাহার করা হয়েছে।

তবে কী কারণে তাদের প্রত্যাহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

আজ (বৃহস্পতিবার) ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। নির্বাচনে সরকারি দল বিএনপির প্রার্থী রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন। অন্যদিকে জামায়াতে ইসলামীর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলটির কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসেন।

রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া এ আসনে জিতে নিজেদের মর্যাদা রক্ষায় মরিয়া বিএনপি। অন্যদিকে কেন্দ্রীয় নেতাকে সংসদে পাঠানোর লক্ষ্যে আসনটি ছিনিয়ে নিতে সর্বোচ্চ তৎপর জামায়াত। 

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর