পরবাসে ভাগ্যের চাকা ঘোরাতে গিয়ে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় চিরতরে পঙ্গুত্বের মুখোমুখি পিরোজপুরের নাজিরপুর উপজেলার তরুণ রায়হান সিকদার (৩৫)। উন্নত চিকিৎসা ও অর্থাভাবে মানবেতর জীবনযাপন করছেন তিনি। জীবন রক্ষার্থে এবং তার একটি পা বাঁচাতে সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছে তার পরিবার ও এলাকাবাসী।
স্থানীয়রা জানান, রায়হান অত্যন্ত পরিশ্রমী ও সরল স্বভাবের একটি ছেলে। পরিবারের অভাব দূর করতেই সে প্রবাসে পাড়ি জমিয়েছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ সে চিরতরে পঙ্গু হওয়ার উপক্রম। রায়হানের চিকিৎসায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে উদারভাবে এগিয়ে আসার আহ্বান তাদের।
তারা বলেন, আমাদের একটুখানি সহযোগিতা বা সামান্য অনুদানই পারে রায়হানের জীবন থেকে পঙ্গুত্বের অভিশাপ মুছে দিয়ে তাকে আবারও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।
পরিবারের মুখে হাসি ফোটাতে এবং দীর্ঘদিনের ঋণ পরিশোধের স্বপ্ন বুকবেঁধে ধার-দেনা করে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন পিরোজপুরের নাজিরপুর সদর ইউনিয়নের সদর ওয়ার্ডের হারুন সিকদারের ছেলে রায়হান। কিন্তু প্রবাসের মাটিতে ঘটে যাওয়া এক আকস্মিক সড়ক দুর্ঘটনায় তার স্বপ্ন নিমিষেই গুঁড়ো হয়ে যায়। বাইক দুর্ঘটনায় তার ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে হাড় চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।
দুর্ঘটনার পর জমানো সব অর্থ এবং পরিবারের শেষ সম্বলটুকু খরচ করে রায়হানকে দেশে ফিরিয়ে আনা হয়। ঢাকায় প্রাথমিক চিকিৎসা করানো হলেও অর্থাভাবে পরবর্তী জটিল ও ব্যয়বহুল অপারেশন করানো সম্ভব হয়নি। বর্তমানে তার পায়ে লোহার খাঁচা লাগানো রয়েছে এবং ক্রাচে ভর দিয়ে তাকে কোনোমতে চলতে হচ্ছে।
পরিবারের ভাষ্য মতে চিকিৎসকরা জানিয়েছেন, রায়হানের পা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করতে এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে জরুরিভিত্তিতে আরেকটি অস্ত্রোপচার অত্যন্ত প্রয়োজন। এই চিকিৎসা সম্পন্ন করতে আনুমানিক ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার প্রয়োজন, যা এই হতদরিদ্র পরিবারের পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব।
আপনার একটু সহযোগিতাই বাঁচাতে পারে একটি জীবন। আজ চরম বিপদের মুহূর্তে রায়হান ও তার পরিবার সকলের দ্বারে দ্বারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সামর্থ্য অনুযায়ী যার যতটুকু সম্ভব, এই অসহায় তরুণের চিকিৎসায় সহায়তা নিয়ে এগিয়ে আসার জন্য বিনীতভাবে আহ্বান জানানো হচ্ছে পরিবারে পক্ষে থেকে।
সাহায্য পাঠানোর ঠিকানা ও যোগাযোগের মাধ্যম: বিকাশ/নগদ (পার্সোনাল): ০১৯৭৪৫১৪২৯৭
প্রতিনিধি/এলএ




