বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাঙামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে জাল সনদ, আটক ১

জেলা প্রতিনিধি, রাঙামাটি
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পিএম

শেয়ার করুন:

রাঙামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পেতে জাল সনদ, আটক ১
আটক সুমন তঞ্চঙ্গ্যা। ছবি: ঢাকা মেইল

রাঙামাটিতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ ও মিথ্যা তথ্য দিয়ে আবেদন করায় এক ব্যক্তিকে পুলিশে দিয়েছে জেলা প্রশাসন। 

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশের কাছে অভিযুক্ত ব্যক্তিকে সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা করেছে বলে জানিয়েছে প্রশাসন।

জেলা প্রশাসন জানিয়েছে, আটক সুমন তঞ্চঙ্গ্যা রাঙামাটি সদর উপজেলার বাসিন্দা। 

রাত পৌনে ৯টার দিকে জেলা প্রশাসনের মিডিয়া সেল এক বিবৃতিতে জানিয়েছে, রাঙামাটি জেলাপ্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখায় সুমন তঞ্চঙ্গ্যা জাল উত্তরাধিকার সনদ ব্যবহার করে প্রকৃত ওয়ারিশদের নাম আড়াল করে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রাপ্তির জন্য একটি আবেদন করেন। এ আবেদনসহ সংশ্লিষ্ট কাগজপত্রাদি যাচাইকালে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সৈয়দ আবু হুরায়রা আদর (সহকারী কমিশনার) অভিযুক্ত ব্যক্তির দাখিলকৃত উত্তরাধিকার সনদটি জাল বলে প্রমাণ পান। 

জেলা প্রশাসন আরও জানায়, অভিযুক্ত সুমন তঞ্চঙ্গ্যা তার চাচা (কাকা) মৃত সুভাষ তঞ্চঙ্গ্যার ওয়ারিশ হিসেবে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য জাল সনদ দাখিল ও মিথ্যা তথ্য সরবরাহ করেন; যা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ৪(১) (চ) ধারা লঙ্ঘন। তাই অভিযুক্তের বিরুদ্ধে নিয়মিত মামলা করার উদ্দেশ্যে রাঙামাটির কোতোয়ালি থানা পুলিশের হাতে অভিযুক্তকে সোপর্দ করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) শেখ সালমান জানিয়েছেন, জাল সনদ দিয়ে  ভুয়া আবেদনের বিষয়টি প্রমাণ পাওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে বুধবার বিকেল ৩টার দিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর