ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় স্বামীর মৃত্যুর কথা শুনে স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের বন্দগোয়ালীয়া পুরাতন বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন, স্থানীয় বাসিন্দা মো. আলিম উদ্দিনের দ্বিতীয় ছেলে মোহাম্মদ আলী ওরফে মুহাম্মদ মিস্ত্রি (৬০) এবং তার স্ত্রী সেলিনা বেগম (৪৫)।
পরিবারের স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার সকালে মোহাম্মদ আলীর মৃত্যু হয়। এর কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রী সেলিনা বেগমের মৃত্যু হয়।
মরহুমের স্বজন দেলোয়ার জানান, মোহাম্মদ আলী এর আগে তিনবার স্ট্রোক করেছিলেন। গতপরশু তাকে হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়। বুধবার সকালে সেলিনা বেগম তার বাড়িতে যান। পরে স্বামীর শারীরিক অবস্থার অবনতি দেখে তিনি সেখানে যান।
‘কিছুক্ষণের মধ্যেই মোহাম্মদ আলীর মৃত্যু হয়। এরপর সেলিনা বেগম দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যান এবং অল্প সময়ের মধ্যে তারও মৃত্যু হয়।’
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বুধবার মাগরিবের নামাজের পর বন্দগোয়ালীয়া পুরাতন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বামী-স্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়েছে।
পরে তাদের বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
এই দম্পতি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তাদের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
প্রতিনিধি/এএম




