বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

চুয়াডাঙ্গায় হত্যা ও মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পিএম

শেয়ার করুন:

চুয়াডাঙ্গায় হত্যা ও মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হত্যা ও মাদকের পৃথক দুটি মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে দীর্ঘ ১৭ বছর পর ঝন্টু হত্যা মামলায় দুজনকে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার পৃথক দুটি আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের শালিকা গ্রামের সোলায়মান আলীর ছেলে ইসমাইল হোসেন এবং একই গ্রামের মৃত আবু ছদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ। অপরদিকে মাদক মামলায় দণ্ডপ্রাপ্ত শফিউল্লাহ (৬০) আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর দক্ষিণপাড়ার মৃত জালাল উদ্দীনের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালে আলমডাঙ্গায় ঝন্টু হত্যা মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ইসমাইল হোসেন ও আবুল কালাম আজাদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন চুয়াডাঙ্গার সংশ্লিষ্ট ট্রাইবুনালের বিচারক মোক্তাগীর আলম। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৯ এপ্রিল রাত সাড়ে ৭টার দিকে ইসমাইল হোসেনের ফোন পেয়ে টাকা নিয়ে বাড়ি থেকে বের হন ঝন্টু। পরদিন গ্রামের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। আর্থিক লেনদেনের জেরে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহতের বাবা জাহা বক্স মণ্ডল ২০ এপ্রিল আলমডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে ইসমাইল হোসেনের পাশাপাশি আবুল কালাম আজাদের সম্পৃক্ততা পাওয়া যায়। পরে তদন্ত কর্মকর্তা তাঁদের দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

রায়ের বিষয়ে সংশ্লিষ্ট ট্রাইবুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আ. স. ম. আব্দুর রউফ জানান, ২০ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাঁদের আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। দীর্ঘ ১৭ বছর পর নিহতের পরিবার ন্যায়বিচার পেয়েছে।

এদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক একটি মামলায় আলমডাঙ্গার শফিউল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চুয়াডাঙ্গার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস। একই সঙ্গে তাঁকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৯ অক্টোবর শফিউল্লাহর বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর বাড়ি থেকে ২২ অ্যাম্পুল বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়। প্রতিটি অ্যাম্পুলে ২ মিলিলিটার করে মোট ৪৪ মিলিলিটার ইনজেকশনের আনুমানিক মূল্য ছিল ৬ হাজার ৬০০ টাকা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। মামলায় চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তাঁকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

রায়ের বিষয়ে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম জানান, এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। মাদকের বিস্তার রোধে এ ধরনের রায় ইতিবাচক ভূমিকা রাখবে। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রম জোরদার ও অপরাধ দমনে এ রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রতিনিধি/এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর