বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

মন্ত্রী আসার খবরে বদলে গেল সদর হাসপাতালের দৃশ্যপট !

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম

শেয়ার করুন:

মন্ত্রী আসার খবরে বদলে গেল সদর হাসপাতালের দৃশ্যপট !
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল। ছবি: ঢাকা মেইল

হঠাৎ খবরে বদলে গেল ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের দৃশ্যপট। তখন দুপুর। দূর থেকে দেখা গেল- ধূলা উড়ছে, সরানো হচ্ছে মানুষ, গাড়ি, মোটর সাইকেল ও হকারদের দোকান। পরিচ্ছন্ন কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ঝাড়ুতে উড়াচ্ছে ধুলো। চকচকে ঝকঝকে হাসপাতাল অল্প সময়ের মধ্যে, যেখনে আবর্জনার স্তূপ সেখানে কাগজের টুকরোও নেই। হাসাপাতালের আশপাশের ক্লিনিক, বাসা থেকে একে একে ছুটে আসছেন চিকিৎসকসহ অন্যান্যরা। যারা সময়ে অসময়ে চলে গিয়েছিলেন তারা ফিরছেন খেয়ে না খেয়ে। পুরো হাসাপাতালজুড়ে ব্যতিব্যস্ততা কর্মযজ্ঞ। 

অফিসিয়াল পোশাক, গেট থেকে বেড পর্যন্ত যেখানে যার অবস্থান সেখানে কর্তব্য কাজে ব্যস্ত সবাই। হাসপাতাল গেটে অবস্থান নিয়েছেন তত্ত্বাবধায়ক, ডাক্তার, ড্যাবের নেতৃবৃন্দসহ ঊর্ধ্বতন মহল। সকলের চোখে মুখে উদ্বেগ উৎকণ্ঠা শঙ্কা। অপেক্ষার প্রহর গুণছেন কখন আসেন মন্ত্রী, খোঁজ-খবর নেওয়া হচ্ছে কতটুকু এলেন, তাজা ফুলের তোড়া রেডি হলো, পানি পড়ছে ফুল থেকে। সবসময়ের চেনা হাসাপাতালের ভিন্ন রূপ। 

পরে জানা গেল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল হাসপাতালে আসবেন এই খবর এসেছে।  

বুধবার (২৮ অক্টোবর) ‘রহমান ডেভলপমেন্ট ফাউন্ডেশন’-এর উদ্যোগে কসবা-আখাউড়া উপজেলায় মোবাইল হাসপাতাল কার্যক্রম উদ্বোধন এবং কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসেছিলেন তিনি। অনির্ধারিতভাবে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আসবেন তিনি এই খবরে সবাই সর্তক। স্বাস্থ্য সেবা নিশ্চিতে মন্ত্রীর বিচরণ ও অবস্থান কঠোর। অনিয়ম হলে রক্ষা নেই। তাই শঙ্কা কি জানি কি হয়? মন্ত্রী রওনা দেওয়ার পর থেকে কতটুকু এলেন এ নিয়ে খবর নেওয়া হচ্ছে, মন্ত্রী যখন ভাদুঘর তখন সবাই মূল ফটকে, পরে জানা গেল মন্ত্রী পৈরতলা পার হয়ে গেছেন, তখন স্বস্তি। 

আবারো খবর- মন্ত্রী আসতে পারেন ঘাটুরা মোড় হয়ে, আবারো টেনশন। বিকেল সাড়ে ৩টায় খবর এলো মন্ত্রীর গাড়ি বহর সরাইল বিশ্বরোডে তখন সবাই পুরো স্বস্তিতে। মন্ত্রী আর আসছেন না, সবাই আবার হাসপাতাল গেট ছেড়ে যার যার অবস্থানে ফিরতে শুরু করলেন। কেউ কেউ বলেছেন যাক রক্ষা হলো, কেউ বলছেন ক্লিনিকে রোগীরা অপেক্ষা করছেন, তাড়াহুড়ো সবার এবার আগের মতো।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর