নওগাঁর বদলগাছীতে দুস্থ নারীদের জন্য বরাদ্দ ভিডাব্লিউবি কর্মসূচির ১ হাজার ৯০০ কেজি চাল অবৈধভাবে কেনা ও মজুত করার অভিযোগে ১১ জন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদাম থেকে এসব চাল জব্দ করে উপজেলা প্রশাসন। এ ঘটনায় আজ বুধবার (২৮ অক্টোবর) সংশ্লিষ্ট থানায় মামলা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
বদলগাছী থানার উপপরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান জিয়া বুধবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ভিডাব্লিউবি কর্মসূচির আওতায় অসচ্ছল ও দুস্থ নারীদের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছিল। অভিযোগ রয়েছে, উপকারভোগীরা চাল তুলে পরিষদ চত্বরের বাইরে কিছু অসাধু ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ৯০০ কেজি চাল জব্দ করে প্রশাসন।
এ বিষয়ে কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন (শাহীনূর ইসলাম স্বপন) বলেন, ‘আমি পরিষদের কাজে বাইরে ছিলাম। খবর পেয়ে সেখানে আসি। ১ হাজার ৯০০ কেজি চাল জব্দ করা হয়েছে। উপকারভোগীরা পরিষদ থেকে চাল তুলে বাইরে বিক্রি করেছেন। তবে আমার পরিষদের ভেতরে চাল বিক্রির কোনো ঘটনা ঘটেনি।’
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সুলতান মাহমুদ জানান, চাল কেনাবেচার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে জব্দকৃত চাল প্রশাসনের হেফাজতে রয়েছে।
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার কোলা ইউনিয়ন পরিষদের পাশের একটি গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ৯০০ কেজি চাল জব্দ করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’
প্রতিনিধি/এজে




