বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

চিরিরবন্দরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম

শেয়ার করুন:

চিরিরবন্দরে পানিতে ডুবে শিশুর মৃত্যু, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধের

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় পানিতে ডুবে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। একই দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭০ বছর বয়সী এক বৃদ্ধ। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার ছোট বাউল ও রানীরবন্দর এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধের নাম খলিলুর রহমান (৭০)। তিনি চিরিরবন্দর উপজেলার কুমুরিয়া গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। পানিতে ডুবে মারা যাওয়া শিশুটির নাম মুগ্ধ রায় (২)। সে পার্বতীপুর উপজেলার বাদুরি গ্রামের উদয় রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, খলিলুর রহমান দিনাজপুর-রংপুর মহাসড়কের রানীরবন্দর পল্লীবিদ্যুৎ অফিসের পাশে একটি রাইস মিল থেকে মোটরসাইকেল নিয়ে সুইহারি বাজারের দিকে যাচ্ছিলেন। পথে পেছন দিক থেকে একটি মিনিবাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নীলফামারীর সৈয়দপুর কুন্দল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

অন্যদিকে, শিশু মুগ্ধ রায় বাবা-মায়ের সঙ্গে চিরিরবন্দর উপজেলার ছোট বাউল গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার দুপুরে বাড়ির অদূরে পুকুরপাড়ে ফুটবল খেলার সময় বলটি পানিতে পড়ে যায়। বল তুলতে গিয়ে শিশুটি পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উন-নবী পৃথক দুটি মৃত্যুর ঘটনা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর