‘দুষ্কৃতকারী শ্রমিকদের যারা উস্কানি দিচ্ছে, তাদের কোনো দল বা কোনো পরিচয় নাই। তারা দেশের আইনের প্রতি তারা শ্রদ্ধাশীল নয় এবং তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে সরকারের একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা চালাচ্ছে।’
বুধবার দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের কারিগরি দক্ষতার মান উন্নয়নে প্রান্তিক ট্রেনিং সেন্টারসহ তিনটি ট্রেনিং সেন্টার উদ্বোধন ও পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এসময় মন্ত্রী বলেন, আগামী দিনে আমরা বিদেশে দক্ষ শ্রমিক পাঠিয়ে বাংলাদেশকে নাম্বার ওয়ানে রাখব। কোনো আনস্কিল লোক পাঠিয়ে আমরা আমাদের সুনাম ক্ষুণ্ন হতে দেব না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার তার নির্বাচনি ইশতিহারে বলেছিলেন, এক কোটি মানুষকে দক্ষ শ্রমিক বানিয়ে বিদেশে কর্মসংস্থানের জন্য পাঠাব। আমি আনসার ভিডিপিতে এসে তাদের দক্ষ কর্মসংস্থান তৈরির লক্ষে তাদের এই প্রজেক্টগুলো দেখে মনে হচ্ছে- আমরা সফলতার দিকে ধাবিত হচ্ছি। এর মধ্যে বড় একটি অবদান রাখছে আসনার ভিডিপির সদস্যরা। প্রধানমন্ত্রীর নির্দেশ আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজকে সরকারিভাবে বাংলাদেশের অন্যান্য রিত্রুটিং এজেন্সির সাথে আনসার বাহিনীকেও রিত্রুটিং লাইসেন্স প্রদান করছি। এর মধ্যে দিয়ে তারা বিশ্বের সব দেশেই দক্ষ শ্রমিক ডিমান্ড নিয়ে আসবে।
প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও বলেন, আপনারা ইতিমধ্যেই দেখেছেন কয়েকটি দেশ থেকে প্রতিনিধিরা আনসার বাহিনীর কর্মসংস্থান তৈরির বাস্তব চিত্র ও বিভিন্ন প্রজেক্ট পরিদর্শন করে গেছেন। আমরা আমাদের কর্মকর্তাদের বলেছি দ্রুত সময়ের মধ্যে আমাদের মন্ত্রনালয়ের সার্বিক সহায়তার মধ্যে দিয়ে আনসার বাহিনীর জন্য দক্ষ প্রশিক্ষন কেন্দ্র তৈরির জন্য। যাতে আমরা আগামী দিনে অবশ্যই বিদেশে স্বয়ংসম্পূর্ণ ও দক্ষ জনশক্তি পাঠাতে পারি। কেউ যাতে আমাদের বলতে না পারে আমরা অদক্ষ শ্রমিক পাঠাই।এতে করে আমাদের দেশের ভাবমূর্তি পুরো বিশ্বের কাছেই প্রশংসনীয় হবে।
বক্তব্যকালে মন্ত্রী বলেন, গতকাল শিল্প কারখানায় কিছু দুষ্টু লোক অস্থিতিশীলতা সৃষ্টি করেছে। আমি তাদের বলতে চাই, আপনার প্রতিনিধি দেন, ১ সপ্তাহের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে। কিন্তু আপনারা তা না করে অস্থিতিশীলতা সৃষ্টি করছেন। আমি পুলিশকেও বলছি আপনারা গুরুত্বের সাথে কারা এই কাণ্ডের সাথে জড়িত তাদের খোঁজে বের করুন।
এর আগে দুপুরে আনসার ভিডিপি একাডেমিতে বৃক্ষরোপণ করেন মন্ত্রী, পরে আনসার ভিডিপির গার্মেন্টস পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রধান মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিববৃন্দ, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমানসহ আনসার ভিডিপির বিভিন্ন স্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
প্রতিনিধি/এলএ




