নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার তাস ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার গন্ডা বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে একই দিন দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন গন্ডা এলাকার হাফিজুর রহমান ওরফে খোকন (৬০) ও খুররম মিয়া (৫০), মনকান্দা গ্রামের চান্দু মিয়া (৪৫) ও আলী ওসমান (৪২), বীরমহুরী গ্রামের সোহাগ (৪৫) এবং মরিচপুর গ্রামের মজিবুর রহমান (৬০)।
আটক ব্যক্তিদের মধ্যে হাফিজুর রহমান ওরফে খোকন গন্ডা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং আলী ওসমান একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বলে জানা গেছে।
পুলিশ জানায়, গন্ডা বাজারের একটি দোকানে জুয়া খেলার গোপন সংবাদ পেয়ে কেন্দুয়া থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে ছয়জনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে তাস ও নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার কথা স্বীকার করেছেন।
ইউপি সদস্যদের আটকের বিষয়ে গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ শহিদুল ইসলাম কল্যাণ বলেন, “মাদক ও জুয়া নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। তবে আমার জানামতে, ইউপি সদস্যরা এসব অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা নয়। তারপরও যেহেতু তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছেন, এখন আইন অনুযায়ী যা হওয়ার, তা-ই হবে।”
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জুয়া আইনে মামলা করে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস




