বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কায় নিহত বেড়ে ৪

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ০২:২২ পিএম

শেয়ার করুন:

রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কায় নিহত বেড়ে ৪
রংপুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে বাসের ধাক্কায় নিহত বেড়ে ৪

রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত আরও ১৪ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন।

নিহতরা হলেন— কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মোজাফফর রহমান (৩৫) ও গোলাপী বেগম (৪৮) এবং উলিপুর উপজেলার বাসিন্দা বাসের সহকারী আপেল মাহমুদ (২৫)। নিহত অপর একজনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ফজরের নামাজের পর মিঠাপুকুরের রংপুর-ঢাকা মহাসড়কের বৈরাগীগঞ্জ শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীত পাশে মাজার মসজিদের সামনে মাটিভর্তি একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী মারা যান। দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় বাস থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়।

হাইওয়ে থানা পুলিশের ওসি মোয়াজ্জেম উদ্দিন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৩ জনসহ মোট ৪ জন মারা গেছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর