বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

দেশে ফেরার ২০ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসীর

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩০ এএম

শেয়ার করুন:

দেশে ফেরার ২০ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসীর

দেশে ফেরার ২০ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী জুয়েল মিয়ার (৪১)। প্রায় ১৪ বছর প্রবাসে কাটিয়ে দেশে ফিরেছিলেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে শেরপুর সদর উপজেলার জোড়া পাম এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

জুয়েল মিয়া নকলা উপজেলার বারমাইসাখিচা গ্রামের মো. হাফিজ উদ্দিনের ছেলে। তিনি ইরাকে কর্মরত ছিলেন।

আহতদের মধ্যে রয়েছেন শফিকুল ইসলাম (৪৫),  দুলাল মিয়া (৬০), নকলা পৌরসভার হিসাবরক্ষক মোহাম্মদ ফেরদৌসুর রহমান (৫০), হিসাব সহকারী আলমগীর হোসেন (৩২)। তাদের মধ্যে ফেরদৌসুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলমগীর হোসেন নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। অন্যদিকে, শফিকুল ইসলাম ও দুলাল মিয়াকে ভর্তি করা হয়েছে শেরপুর জেলা সদর হাসপাতালে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা থেকে শেরপুরের দিকে আসছিল শেরপুর চেম্বার্স অব কমার্সের একটি বাস। জোড়া পাম এলাকায় বাসটির সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হলে জুয়েল মিয়া ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

নিহত জুয়েল মিয়ার চাচাতো ভাই এরশাদ আলী জানান, জীবিকার তাগিদে প্রায় ১৪ বছর ধরে ইরাকে ছিলেন জুয়েল। ২০ দিন আগে দেশে ফেরেন তিনি। মঙ্গলবার বিকেলে কাজের প্রয়োজনে শেরপুরে গিয়েছিলেন। রাতে বাড়ি ফেরার পথেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ জানান, দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর