বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টু হত্যা মামলার তদন্তে দুই আসামি ও এক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজশাহীতে পিবিআইয়ের কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের জবানবন্দি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্ত অফিসার পিবিআই রাজশাহীর পুলিশ পরিদর্শক সৈকত হাসান।
জিজ্ঞাসাবাদ করা তিন কারা কর্মকর্তা হলেন— রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তৎকালীন উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) বজলুর রশীদ, সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম এবং কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন। তাদের মধ্যে বজলুর রশীদ ও শফিকুল ইসলাম এ মামলার আসামি। হালিমা খাতুন মামলার সাক্ষী।
মামলাটির তদন্ত অফিসার রাজশাহী পিবিআইয়ের পুলিশ পরিদর্শক সৈকত হাসান। তিনি বলেন, জিআর মামলার ক্ষেত্রে আমরা আসামিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে পারি; কিন্তু সিআর মামলায় গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা যায় না। এটি সিআর মামলা। তদন্তের স্বার্থে মামলার দুই আসামি ও এক সাক্ষীকে ডাকা হয়েছিল। তাদের জবানবন্দি নেওয়া হয়েছে।
এর আগে, পিলখানা হত্যা মামলায় যাবজ্জীবন এবং অস্ত্র লুটের মামলায় ১০ বছরের কারাদণ্ড হয় বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক পিন্টুর। ২০১৫ সালে নারায়ণগঞ্জ থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তাকে আনা হয়। অসুস্থ হলে ওই বছরের ৩ মে তার মৃত্যু হয়। অভিযোগ উঠে, তাকে চিকিৎসা দেওয়া হয়নি। ৯ বছর বছর পর ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি রাজশাহীর আদালতে হত্যা মামলার আবেদন করেন পিন্টু ভাই নাসিম উদ্দিন রিন্টু। আদালত তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। মামলায় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, শেখ ফজলে নুর তাপস, জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান ও আনিসুল হকসহ ২৭ জনকে আসামি করা হয়।
বাদীপক্ষের আইনজীবী আব্দুল মালেক রানা বলেন, চিকিৎসা দেওয়া হয়নি। মামলার তদন্ত চলছে। সঠিক বিচার হবে বলে আমরা আশাবাদী।
প্রতিনিধি/টিবি




