চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে ২৫ লাখ টাকা খুইয়েছেন শামসুন নাহার নামের এক নারী। মঙ্গলবার সকালে উপজেলার কদলপুর ইউনিয়নের বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাউজান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী। ছিনতাইকারীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে জমি রেজিস্ট্রি করতে ২৫ লাখ টাকা নিয়ে রওনা হয়েছিলেন শামসুন নাহার। তাঁর সিএনজিচালিত অটোরিকশাটি বগুয়াপাড়া এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা ব্যক্তিরা পথরোধ করেন। তাঁদের একজন অস্ত্র দেখিয়ে অটোরিকশার চাবি ও চালকের মুঠোফোন নিয়ে নেন। পরে আরেকটি সিএনজিচালিত অটোরিকশায় করে আরও কয়েকজন সেখানে যোগ দেন।
ভুক্তভোগী শামসুন নাহার বলেন, ছিনতাইকারীদের পা ধরে অনুরোধ করেও টাকা রক্ষা করতে পারেননি তিনি। তিনি তাদের বলেছিলেন, প্রয়োজনে তাঁকে মেরে ফেললেও যেন টাকাগুলো না নেয়। কারণ, ওই টাকা তাঁর ছোট ছেলের কষ্টার্জিত। কিন্তু তাঁর অনুরোধে সাড়া না দিয়ে ব্যাগভর্তি টাকা নিয়ে চলে যান ছিনতাইকারীরা।
শামসুন নাহার আরও বলেন, ঘটনার পর তিনি রাউজান থানায় গিয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ তাঁকে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
জিডির বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ভুক্তভোগী নারী থানায় জিডি করেছেন। জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে রাউজানে সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ডে উদ্বেগ বাড়ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৬ সালের সেপ্টেম্বরের শুরু পর্যন্ত উপজেলায় ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০টি রাজনৈতিক বিরোধের জেরে সংঘটিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সময়ে শতাধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় সাড়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন।
প্রতিনিধি/এআর




