মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

কমিটিতে ‘হাইব্রিড নেতা’ থাকলে পদত্যাগ করব: নজরুল কবীর

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ পিএম

শেয়ার করুন:

কমিটিতে ‘হাইব্রিড নেতা’ থাকলে পদত্যাগ করব: নজরুল কবীর

শরীয়তপুর জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে কোনো ‘হাইব্রিড নেতা’ স্থান পেলে, দল থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবীর। দলের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের দাবি জানিয়ে তিনি এ অবস্থানের কথা জানান।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শরীয়তপুরে আয়োজিত বর্ণাঢ্য মিছিল শেষে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

বক্তব্যে নজরুল কবীর বলেন, দলের দুঃসময়ে যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করেছেন, পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে। ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে সুবিধাবাদীদের কমিটিতে স্থান দেওয়া হলে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হবে।

তিনি আরও স্পষ্ট করে বলেন, জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটিতে কোনো ‘হাইব্রিড নেতা’ দেখতে চান না তিনি। এমন কাউকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হলে দল থেকে পদত্যাগ করবেন বলেও ঘোষণা দেন এই যুবদল নেতা।

এর আগে বিকেল ৫টার দিকে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামের সামনে থেকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে শহরের বটতলায় অনুষ্ঠিত হয় পথসভা।

মিছিলে নেতৃত্ব দেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু এবং জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুৎসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতারা।

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিতে পূর্ণাঙ্গ কমিটি গঠনে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের বিষয়টি সামনে এনে নজরুল কবীরের দেওয়া এ বক্তব্য স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর