রাজবাড়ীতে বানিবহ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন লিটনকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে শহরের পান্না চত্বরে এ ঘটনা ঘটে। গুলিতে তার ডান হাত আহত হয়েছে।
আহত আমির হোসেন লিটন সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বাসিন্দা আবুল হাশেম মোল্লার ছেলে।
আমির হোসেন লিটন জানান, দুপুরে রাজবাড়ী আদালত থেকে রিকশায় করে বাজারে যাচ্ছিলেন তিনি। পথে পান্না চত্বরে পৌঁছালে একটি অটোরিকশা তার রিকশাকে ওভারটেক করে। এ সময় অটোরিকশা থেকে মাস্ক পরা দুই ব্যক্তি তাকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়েন। এর মধ্যে একটি গুলি তার ডান হাতে লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
রাজবাড়ী জেলা সদর হাসপাতালের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় একজন রোগী হাসপাতালে আসেন। এক্স-রে করার পর তার হাতে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমল হোসেন বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় তদন্ত চলছে।
প্রতিনিধি/এসএস




