সামাজিক মাধ্যমে সরকারের সমালোচনা করায় স্বৈরাচারী কায়দায় গ্রেফতার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড মানুষের বাক স্বাধীনতা বাধাগ্রস্ত করছে এবং দেশে মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতি তৈরি হচ্ছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) গাজীপুরে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন নিয়ে কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন নাহিদ।
তিনি বলেন, সরকারের সমালোচনা করার কারণে এ পর্যন্ত ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক মাধ্যমে সরকারের সমালোচনা করায় গাজীপুরের সিফাতসহ গ্রেফতার ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দাবি জানান নাহিদ।
এনসিপির এই আহ্বায়ক বলেন, দেশে গ্যাস, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। এভাবে চলতে থাকলে আগামী রমজানে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা বলা কঠিন। সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হলেও পোশাকশ্রমিকসহ বেসরকারি খাতের কর্মীদের বেতন বাড়ানো হয়নি।
শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে হলে সব পেশার মানুষের বেতন-ভাতার মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে। এ বিষয়ে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
প্রতিনিধি/এমআর




