ময়মনসিংহের গৌরীপুরে এশার নামাজ শেষে থানার ব্যারাকে ফিরে অসুস্থ হয়ে রুকন মিয়া (৫৯) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে গৌরীপুর থানা ব্যারাকে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রুকন মিয়া নেত্রকোনার বারহাট্টা উপজেলার আশিয়ল গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, রুকন মিয়া ২০২৪ সালের ১৮ অক্টোবর গৌরীপুর থানায় যোগদান করেন। তিনি থানার ব্যারাকের চতুর্থ তলায় থাকতেন। সোমবার রাতে গৌরীপুর থানা মসজিদে এশার নামাজ আদায় শেষে ব্যারাকে ফিরে নেবুলাইজার নেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, সোমবার রাতে ব্যারাকে নেবুলাইজার নেওয়ার সময় কনস্টেবল রুকন মিয়া অসুস্থ হয়ে পড়ে যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস




