নওগাঁর মহাদেবপুরে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এর আগে, সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন— উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের চকগোড়া (সরদারপাড়া) গ্রামের রোকনুজ্জামান ওরফে সোহাগ (২৫), যিনি ওই ইউনিয়নের একটি ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।
এছাড়া গ্রেফতার হওয়া অন্য তিন নেতাকর্মী হলেন— একই গ্রামের মো. পিয়ারুল ইসলাম মুসা (১৯), মো. মাহমুদ রায়হান (৩০) এবং চকগোড়া (পূর্বপাড়া) গ্রামের মো. সোহেল হোসেন (২১)।
পুলিশ জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যে-কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, গ্রেফতারকৃতদের পূর্বের সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। আইনগত অন্যান্য ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।
প্রতিনিধি/এজে




