চট্টগ্রামের সন্দ্বীপে পাঁচ বছরের শিশু আলী হোসেনকে মাথায় তুলে আছাড় মেরে হত্যার ঘটনায় একমাত্র আসামি জাহাঙ্গীর আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) চট্টগ্রামের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান এ রায় দেন। মামলায় ১৩ জনের সাক্ষী ও প্রায় এক বছরের বিচারিক কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর(পিপি) এএনএম মাইনুল চৌধুরী।
তিনি বলেন, শিশু আলী হোসেন হত্যা মামলায় আসামি জাহাঙ্গীর আলমকে আদালত যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।
এর আগে, ২০২৫ সালের সেপ্টেম্বরে সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পেলিশ্যার বাজার এলাকায় পারিবারিক বিরোধের জেরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে শিশু আলী হোসেনের ওপর হামলা চালান প্রতিবেশী জাহাঙ্গীর আলম।
এ সময় শিশুটির মাথায় গুরুতর আঘাত লাগে। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আলী হোসেন স্থানীয় বাশারুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে মগধরা ইউনিয়নের আবু তাহেরের ছেলে।
এএম




