খুলনা নগরীর নিরালা এলাকার ১৭ নম্বর রোডে সালমান (২৩) নামে এক সিগারেট কোম্পানির কর্মচারীকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
আহত সালমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সালমান নগরীর ১৬ নম্বর রোডের বাসিন্দা জাহাঙ্গীরের ছেলে। তিনি ক্যামেল সিগারেট কোম্পানির কর্মচারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিরালার ১৭ নম্বর রোডে কোম্পানির কার্যালয়ের সামনে কাজ করছিলেন সালমান। এ সময় মোটরসাইকেলে করে তিন যুবক সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তার কাছে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ সালমানকে পরে স্থানীয় লোকজন উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, কী কারণে সালমানকে গুলি করা হয়েছে, তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তবে পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
প্রতিনিধি/টিবি




