মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, আহত ১

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পিএম

শেয়ার করুন:

পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে অ্যাম্বুলেন্সের ধাক্কা, আহত ১

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়েছে মরদেহবাহী অ্যাম্বুলেন্স। এতে পলাশ খান (৩৫) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি অ্যাম্বুলেন্সে থাকা মরদেহের স্বজন। দুর্ঘটনার পর তাকে শিবচরের পাচ্চর লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল আটটার দিকে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা থেকে প্রায় ৩০০ মিটার সামনে ভাঙ্গাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

আহত পলাশ খান বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ভাইজোড়া গ্রামের জামাল খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজধানী ঢাকা থেকে এক ব্যক্তির মরদেহ নিয়ে বাগেরহাটের উদ্দেশে যাচ্ছিল অ্যাম্বুলেন্সটি। পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোল প্লাজা পার হয়ে ভাঙ্গাগামী লেনে এগিয়ে যাওয়ার সময় সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা লাগে অ্যাম্বুলেন্সটির। এতে আহত হন পলাশ খান। পরে তাকে উদ্ধার করে পাচ্চর লাইফ কেয়ার হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

b72504ca-8cd8-4c95-b55d-b3d81076f551

অ্যাম্বুলেন্সে থাকা মরদেহটি ইব্রাহিম খান (৬৮) নামের এক ব্যক্তির। তিনি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত ধালু খানের ছেলে।

স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে তিনি অ্যাম্বুলেন্সটিকে একটি ট্রাকের পেছনে ধাক্কা খাওয়া অবস্থায় দেখতে পান। তার ধারণা, চালকের ঘুমের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।

মেহেদী হাসান আরও বলেন, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের মরদেহ সংরক্ষণের ফ্রিজিং অংশ থেকে রক্তমিশ্রিত পানি গড়িয়ে পড়তে দেখেছেন।

bdf27acb-038b-4cd3-847f-0477457ac439

এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। তবে তারা সেখানে গিয়ে কাউকে পাননি। এর আগেই গাড়িটি সরিয়ে নেওয়া হয়েছিল। এ কারণে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সের চালক কোথায় গেছেন, তা জানা যায়নি। ট্রাকটির পরিচয় ও দুর্ঘটনার প্রকৃত কারণও নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর