নেত্রকোনার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় কম্বল, টমেটো, গরু ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৬ অক্টোবর) জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এসব অভিযান চালায়। জব্দ করা পণ্যের সিজার মূল্য ৫ লাখ ৫১ হাজার টাকা।
মঙ্গলবার (২৬ অক্টোবর) ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সকাল ১০টার দিকে মহেষখোলা বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৮৮ এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বান্দ্রা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন দুটি ভারতীয় কম্বল জব্দ করে। এসব কম্বলের সিজার মূল্য ১০ হাজার টাকা।
একই দিন বিকেল ৩টার দিকে বারমারী বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৬৪/৪-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে ৭০০ কেজি ভারতীয় টমেটো জব্দ করে। এসব টমেটোর সিজার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা। পরে কাস্টমস প্রতিনিধির সমন্বয়ে টমেটোগুলো নিলামে বিক্রি করা হয়।
এদিকে, বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে লেংগুড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৬৯/২-এস থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নয়নকান্দি এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি ভারতীয় গরু জব্দ করে। গরুগুলোর সিজার মূল্য ৪ লাখ টাকা। এগুলো নিলামের প্রক্রিয়াধীন রয়েছে।
এ ছাড়া রাত সাড়ে ১০টার দিকে চারুয়াপাড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ১১৪২/৩-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গোবরচনা এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করে। এসব মদের সিজার মূল্য ৩৬ হাজার টাকা।
বিজিবি জানায়, জব্দ করা পণ্য ও মাদক সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিনিধি/টিবি




